এবিজি ইউনিভার্সিটি কাপে ব্র্যাককে ১৫২ রানে হারাল ইউল্যাব
সংগৃহীত
এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। টুর্নামেন্টের তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচে ব্র্যাক ইউনিভার্সিটিকে ১৫২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দলটি। ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেও দাপট দেখিয়েছে ইউল্যাব।
মঙ্গলবার রাতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২৫২ রানের বিশাল সংগ্রহ গড়ে ইউল্যাব। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় ব্র্যাক ইউনিভার্সিটি।
ইউল্যাবের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার রাকিব। মাত্র ১২ রান খরচায় ৪ ওভারে ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত এটিই সেরা বোলিং পারফরম্যান্স। এ ছাড়া আরিফুর ১০ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।
২৫৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ব্র্যাক। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার আকাশ। ৩৪ বলের ইনিংসে প্রত্যাশিত গতিতে রান তুলতে পারেননি তিনি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে জারিফুল করেন ২৭ বলে ২৭ রান। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় বড় ব্যবধানে হার এড়াতে পারেনি ব্র্যাক।
এর আগে ব্যাটিংয়ে নেমে ইউল্যাবের ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। উদ্বোধনী জুটিতে ফারহান ও শাবাব যোগ করেন ৮৭ রান। ফারহান মাত্র ৪৬ বলে ৭৪ রানের ঝলমলে ইনিংস খেলেন। অন্যদিকে শাবাব ২০ বলে করেন ৪০ রান।
তিন নম্বরে নেমে আরও বিধ্বংসী ব্যাটিং করেন জাকিরুল। ৩০ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন তিনি। চার নম্বরে ব্যাট করতে নেমে নিলয় মাত্র ১৯ বলে করেন ৪৬ রান। শেষদিকে সৌরভের ৬ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে ইউল্যাবের সংগ্রহ আরও সমৃদ্ধ হয়।
ব্র্যাকের বোলারদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছিলেন আকাশ। ৩ ওভারে ৫৭ রান দেন তিনি। দেবজ্যোতি ৪ ওভারে খরচ করেন ৫৮ রান।
ব্যাটিংয়ে ২৫২ রানের বিশাল সংগ্রহ এবং রাকিবের বিধ্বংসী বোলিংয়ে দাপুটে জয় নিশ্চিত করে ইউল্যাব। অন্যদিকে ব্যাট-বল দুই বিভাগেই ব্যর্থতার পরিচয় দিয়ে বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে ব্র্যাক ইউনিভার্সিটি।