ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
সংগৃহীত ছবি
কারিগরি সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে নতুন নকশা করা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মহড়া করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ। এক মাসের মধ্যে উত্তর কোরিয়ার এটি চতুর্থ ক্ষেপণাস্ত্রপরীক্ষা।
বুধবারের এই পরীক্ষাটি এমন সময়ে হলো, যখন গত কয়েক সপ্তাহ ধরে দেশটি একের পর এক বিভিন্ন অস্ত্রের প্রদর্শনী চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ক্লাস্টার মিউনিশন (গুচ্ছ বোমা), আক্রমণকারী ড্রোন, নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম টর্পেডো ব্যবস্থা এবং মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।
সংবাদমাধ্যমটি জানায়, আকাশ-প্রতিরক্ষা পরীক্ষার মাধ্যমে নতুন ব্যবহৃত উপকরণের প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও নির্ভরযোগ্যতা, ক্ষেপণাস্ত্রের একাধিক নির্দেশনামূলক মোড এবং লক্ষ্যবস্তু শনাক্ত ও অনুসরণ করার ক্ষেত্রে এই ব্যবস্থার সক্ষমতা নিশ্চিত হয়েছে।
কেসিএনএ আরও জানায়, বুধবার পূর্ব অঞ্চলে অবস্থিত উত্তর কোরিয়ার দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউনিটের একটি উপ-ইউনিট একটি কাল্পনিক বিমানবন্দর লক্ষ্যবস্তুতে আঘাত হানার মহড়া চালিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বুধবার জানিয়েছে যে, তারা উত্তর কোরিয়ার সোন্দক এলাকা থেকে জাপান সাগরের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেখেছে। স্থলমাইন সংক্রান্ত একটি বিরোধের জেরে দুই কোরিয়ার মধ্যকার সম্পর্ক তলানিতে ঠেকেছে। এছাড়া, কিম জং উনের বোন এই সপ্তাহে ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো আগ্রহ তাদের নেই।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য কিম জং-সিকের তত্ত্বাবধানে ‘মিসাইল অ্যাডমিনিস্ট্রেশন’ (ক্ষেপণাস্ত্র প্রশাসন) এই পরীক্ষাটি পরিচালনা করে। প্রতিবেদনে বলা হয়, এই পরীক্ষার মাধ্যমে নতুন উপকরণের কারিগরি বৈশিষ্ট্য ও নির্ভরযোগ্যতা, ক্ষেপণাস্ত্রের বুদ্ধিমান মাল্টিপল গাইডেন্স মোড, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও অনুসরণ সক্ষমতা এবং শনাক্তকরণ তথ্য প্রক্রিয়াকরণ যন্ত্রের কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
এছাড়া একই দিনে পূর্বাঞ্চলে মোতায়েন করা দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউনিটের একটি সাব-ইউনিট একটি কাল্পনিক বিমানবন্দর লক্ষ্য করে মহড়া চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, বুধবার ভোরে উত্তর কোরিয়ার সাউথ হামগিয়ং প্রদেশের সনদক এলাকা থেকে পূর্ব সাগরের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলো ৩০০ কিলোমিটারেরও কম পথ পাড়ি দিয়েছে; সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি ইতিহাস রয়েছে উত্তর কোরিয়ার। মূলত দেশটির শক্তির প্রদর্শন হিসেবে দেখা হয় এটিকে। চার বছর আগে মধ্যবর্তী নির্বাচন এবং দুই বছর আগে প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও তারা এমনটি করেছিল।
সূত্র: রয়টার্স।