‘একাত্তর ও চব্বিশের অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে’
ছবি: সংগৃহীত
একাত্তর ও চব্বিশের অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছেন। জামায়াত ও আওয়ামী লীগের চক্রান্ত রুখতে আগামী তিন মাস জাতীয়তাবাদী শক্তি ও বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
রবিবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—এই তিন মাস বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। ১৯৯৬ সালে জামায়াত ও আওয়ামী লীগ তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে যেভাবে চক্রান্ত করেছিল, একইভাবে তারা আবারও চক্রান্ত শুরু করেছে। এ চক্রান্ত রুখতে ঐক্যের কোনো বিকল্প নেই।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ভারতের ইন্ধনে অভ্যুত্থানের অপচেষ্টা চালানো হয়েছিল। বাংলাদেশকে ভারতের করদরাজ্য করার সেই নীলনকশা বীর সিপাহি-জনতা রুখে দিয়েছিল। দেশে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান হয়েছে, ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদবিরোধী গণঅভ্যুত্থান হয়েছে, ২০২৪ সালেও গণঅভ্যুত্থান হয়েছে। কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষায় একবারই বিপ্লব হয়েছে। সেটি হলো ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব।