নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র্যাগিং চলবে না : উপাচার্য
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেছেন, জুনিয়রদের ম্যানার্স বা শিষ্টাচার শেখানোর নামে কোনো ধরনের র্যাগিং ক্যাম্পাসে বরদাশত করা হবে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করবে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এই কথা বলেন।
উপাচার্য কড়া ভাষায় সতর্ক করে বলেন, জুনিয়রদের আইসক্রিম বা কেক খাওয়াতে পারবেন, বন্ধুত্ব করতে পারবেন; কিন্তু রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে যদি মেনারিজম শেখানোর চেষ্টা করা হয়, তবে আমি গাড়ি নিয়ে সরাসরি সেই মেসেই চলে যাব। যিনি এ ধরনের কাজের সঙ্গে জড়িত থাকবেন, তার ছাত্রত্ব বাতিল করাসহ বিধি মোতাবেক এবং প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো জুনিয়রকে র্যাগিংয়ের শিকার হতে দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
একটি মানসম্মত ও নতুন মডেলের বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে উপাচার্য বলেন, আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই, যা সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পথ দেখাবে এবং এটিকে মেধাবীদের চারণক্ষেত্রে পরিণত করা হবে। শিক্ষার্থীদের গবেষণার জন্য ডিজিটাল লাইব্রেরি রয়েছে এবং শিক্ষকদেরও তাদের গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ জানান তিনি। সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নওগাঁর মানুষের আস্থার মূল্য দিতে ২০২৭ সালের মধ্যে জমি অধিগ্রহণ, ল্যান্ড ডেভেলপমেন্ট, বাউন্ডারি ওয়াল এবং পাঁচটি ইউনিক ভবন নির্মাণের কাজ শুরু করতে হবে। এ সময় তিনি নওগাঁবাসীর স্বপ্ন পূরণে সহযোগিতা করার জন্য সদয় সরকারের প্রতি বিশেষ আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মালিহা খানম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সানজিদা কবির, আইন বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম সৌরভসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।