অসুস্থ ব্যক্তিকে সাহায্য করার জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে?

অসুস্থ ব্যক্তিকে সাহায্য করার জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে?

ফাইল ছবি

নামাজ শুরু করার পর পূর্ণ করা আবশ্যক। গ্রহণযোগ্য কারণ ছাড়া সালাত ছেড়ে দেওয়া জায়েজ নয়। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, আর তোমরা নিজেদের আমল নষ্ট করো না। (সুরা মুহাম্মদ, আয়াত: ৩৩)

তবে শরীয়তসম্মত কোনো কারণ দেখা দিলে নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি আছে। যেমন, নামাজরত ব্যক্তি যদি নিজের কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যাওয়ার আশঙ্কা করে, তাহলে তা রক্ষার জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ। 

ইমাম কাতাদা (রহ.) বলেন,যদি নামাজ আদায়কারী ব্যক্তির কাপড় চুরি হয়ে যায়, তাহলে সে নামাজ ছেড়ে চোরের পিছু নেবে।

এ বিষয়ে তাবেয়ী আযরাক ইবনে কায়স (রহ.) বলেন, একবার আবু বারযা আসলামী (রা.) একটি ঘোড়ায় সওয়ার হয়ে এলেন। তিনি ঘোড়াটিকে ছেড়ে দিয়ে নামাজে দাঁড়ালেন। ঘোড়াটি চলে যেতে শুরু করলে তিনি নামাজ ছেড়ে তার পিছু নিলেন এবং সেটিকে ধরে ফেললেন। এরপর ফিরে এসে পুনরায় নামাজ আদায় করলেন। (সহিহ বুখারি, হাদিস: ১২১১)

এই হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার আসকালানী (রহ.) বলেন, ‘এ হাদিসে ফকিহদের এ মতের পক্ষে দলিল রয়েছে যে, আসবাবপত্র বা অন্য কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা হলে তা রক্ষার জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ।’ 

এ থেকে প্রতীয়মান হয় যে, সম্পদ বা প্রয়োজনীয় জিনিস রক্ষার মতো কারণে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ। একইভাবে মানুষের জীবন রক্ষা নিঃসন্দেহে সম্পদ ও আসবাবপত্র রক্ষার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। তাই জীবন রক্ষার প্রয়োজন হলে নামাজ ছেড়ে দেওয়ার কারণ আরও শক্তিশালী।

তাই যদি নামাজরত অবস্থায় পাশের কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাৎক্ষণিক সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তাকে সহযোগিতা করার জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ হবে। পরে সেই নামাজ নতুন করে আদায় করে নিতে হবে।