রাগ নিয়ন্ত্রণে যে ৫ পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)
ফাইল ছবি
হতাশা, অসহায়ত্ব, অবিচার ও তীব্র শারীরিক বা মানসিক কষ্ট থেকে সাধারণত মানুষের মধ্যে রাগ তৈরি হয়। কারও কারও স্বভাবেও অতিরিক্ত উত্তেজনা কাজ করে। পরিবারের সদস্য কিংবা বন্ধুর কোনো মন্তব্য থেকেও রাগের উদ্রেক হতে পারে। কখনো আবার স্পষ্ট কোনো কারণ ছাড়াই মানুষ রেগে যায়।
সমস্যা তৈরি হয় তখন, যখন মানুষ রাগের কাছে আত্মসমর্পণ করে। চিৎকার, অপমানজনক কথা কিংবা শারীরিক আক্রমণের মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে। এ ক্ষেত্রে ধৈর্য ধারণের পরিবর্তে মানুষ নিজের দুর্বলতার কাছে পরাজিত হয়। তাই রাগ নিয়ন্ত্রণে আত্মসংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ কারণেই মহানবী (সা.) মানুষের প্রকৃত শক্তির পরিচয় দিতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি কুস্তিতে অন্যকে পরাস্ত করতে পারে, সে প্রকৃত শক্তিশালী নয়; বরং প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। (সহিহ বুখারি)
রাগ দমন করা জরুরি যে কারণে
রাগের সময় নিজেকে সামলে রাখা সহজ নয়। অনেকেই রাগ প্রকাশ করে ফেলাকে সহজ মনে করেন। কিন্তু রাগ নিয়ন্ত্রণের সুফল অনেক। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা রাগ সংবরণকারীদের প্রশংসা করে বলেছেন, যারা সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় ব্যয় করে, রাগ সংবরণ করে এবং মানুষের অপরাধ ক্ষমা করে; আল্লাহ তাদের ভালোবাসেন, যারা সৎকর্মশীল। (সুরা আল ইমরান, আয়াত: ১৩৪)
রাগ নিয়ন্ত্রণে মহানবীর (সা.) পাঁচ পরামর্শ
১. আল্লাহর কাছে আশ্রয় চাওয়া
সহিহ বুখারিতে বর্ণিত একটি হাদিসে সাহাবি সুলাইমান ইবনে সারদ (রা.) বলেন, একবার তিনি মহানবী (সা.)-এর কাছে বসা ছিলেন। এ সময় দুজন ব্যক্তি পরস্পরকে গালিগালাজ করছিলেন। তাদের একজনের চেহারা রাগে লাল হয়ে গিয়েছিল এবং ঘাড়ের রগ ফুলে উঠেছিল।
এ অবস্থা দেখে মহানবী (সা.) বললেন, আমি এমন একটি বাক্য জানি, যা ওই ব্যক্তি বললে তার রাগ দূর হয়ে যাবে। সে যদি বলে, আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম (আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই), তাহলে তার রাগ দূর হয়ে যাবে।
২. শারীরিক অবস্থান পরিবর্তন করা
মহানবী (সা.) বলেছেন, তোমাদের কেউ রাগান্বিত হলে সে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে বসে পড়বে। এতে রাগ কমে গেলে ভালো। অন্যথায় শুয়ে পড়বে। (সুনানে আবু দাউদ)
৩. অজু করা
রাগ নিয়ন্ত্রণে অজু করার পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)। তিনি বলেছেন, তোমাদের কারও রাগ হলে সে যেন অজু করে নেয়। কারণ, রাগ আগুন থেকে সৃষ্টি হয়। (সুনানে আবু দাউদ)
আগুন নেভাতে যেমন পানি ব্যবহার করা হয়, তেমনি রাগের উত্তাপ প্রশমিত করতেও অজুর মাধ্যমে প্রশান্তি লাভের কথা বলা হয়েছে হাদিসে।
৪. নীরব থাকা
রাগের সময় কথা না বলার পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)। তিনি বলেছেন, যখন তোমাদের কারও রাগ হয়, তখন সে যেন নীরব থাকে।
রাগের মাথায় মানুষ অনেক সময় এমন কথা বলে ফেলে, যা পরে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না। বিশেষ করে প্রচণ্ড উত্তেজনার মুহূর্তে বলা কটু কথা অন্যের মনে গভীর ক্ষত তৈরি করতে পারে। তাই রাগের সময় নীরব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৫. রোজা রাখা
রমজান মাসে রাগ নিয়ন্ত্রণের জন্যও বিশেষ পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)। তিনি বলেছেন, তোমাদের কেউ রোজা রাখার সময় অন্য কারও দ্বারা অপমানিত বা আক্রান্ত হলে সে যেন বলে, আমি রোজাদার।
রমজানে ঘুমের ঘাটতি কিংবা ক্ষুধার কারণে কারও কারও মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে আমি রোজাদার কথাটি নিজের মুখে উচ্চারণ করা আত্মসংযমের কথা স্মরণ করিয়ে দেয়। রোজার অন্যতম উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। তাই রোজা রেখে রাগ নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ।