ডেটা সেন্টার নির্মাণে বাড়ছে বাধা, চাপে ইলন মাস্কের পরিকল্পনা

ডেটা সেন্টার নির্মাণে বাড়ছে বাধা, চাপে ইলন মাস্কের পরিকল্পনা

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর দেশটিতে ডেটা সেন্টার নির্মাণ নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। স্থানীয় পর্যায়ে ডেটা সেন্টার নির্মাণে বিধিনিষেধ আরোপের পক্ষে ভোট দিয়েছেন নাগরিকেরা। একই সঙ্গে ডেটা সেন্টার নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয় পেয়েছেন কয়েকজন রাজনীতিক। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অবকাঠামো সম্প্রসারণ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের প্রভাব পড়তে পারে প্রযুক্তি খাতেও। বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনার সঙ্গে যুক্ত বড় প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে নতুন বিধিনিষেধের মুখে পড়তে হতে পারে।

টেকক্রাঞ্চের ‘ইকুইটি’ পডকাস্টে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সাংবাদিক অ্যান্থনি হা, কার্স্টেন কোরোসেক ও শন ও’কেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ডেটা সেন্টার নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ ক্রমেই বাড়ছে। বিষয়টি এখন রাজনৈতিক ইস্যুতেও পরিণত হয়েছে। শুধু ডেমোক্র্যাট নয়, রিপাবলিকান ও স্বতন্ত্র ভোটারদের মধ্যেও এ নিয়ে উদ্বেগ রয়েছে।

আলোচনায় শন ও’কেন বলেন, রিপাবলিকান পার্টির অন্যতম বড় দাতা ছিলেন ইলন মাস্ক। দলটির নির্বাচনী প্রচারে তিনি প্রায় ৫০ কোটি ডলার বা তারও বেশি অর্থ অনুদান দিয়েছেন বলে ধারণা করা হয়। তবে নির্বাচনের পর তার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর থাকা টেক্সাসের রাজনৈতিক পরিস্থিতিতেও বড় পরিবর্তন এসেছে। সেখানে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা নতুন গভর্নর নির্বাচিত হয়েছেন। নির্বাচনী প্রচারে তিনি ডেটা সেন্টার নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তবে ডেটা সেন্টারবিরোধী মনোভাবই ডেমোক্র্যাটদের নির্বাচনী সাফল্যের একমাত্র কারণ নয় বলে মনে করেন পডকাস্টের আলোচকেরা। তাদের মতে, স্থানীয় পর্যায়ে এ ধরনের অবকাঠামো নির্মাণ নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অনেক সময় গোপনীয়তার শর্তে প্রকল্পের অনুমোদন নেওয়ার চেষ্টা করে। এ ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে গোপনীয়তা চুক্তি বা নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) করা হয়। ফলে প্রকল্পের আকার, বিদ্যুৎ ও পানির চাহিদা এবং পরিবেশগত প্রভাব সম্পর্কে স্থানীয় বাসিন্দারা পর্যাপ্ত তথ্য জানতে পারেন না।

কার্স্টেন কোরোসেক বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মতো পানিসংকটপূর্ণ এলাকায় বড় ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা স্থানীয় মানুষের উদ্বেগ আরও বাড়িয়েছে। প্রকল্পের পরিবেশগত প্রভাব সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রকাশ না করায় বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষও এসব উদ্যোগের বিরোধিতা করছেন।

এ পরিস্থিতিতে ডেটা সেন্টার নির্মাণ নিয়ে নিজেদের নীতিতে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি ওপেনএআই ‘কম্পিউট ক্যাম্পাস পলিসি ব্লুপ্রিন্ট’ নামে একটি নীতিমালা প্রকাশ করেছে। এতে প্রকল্পের তথ্য প্রকাশ এবং স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি এনডিএর বাধ্যবাধকতা তুলে দেওয়ার পরিকল্পনার কথাও বলা হয়েছে। এ ছাড়া ডেটা সেন্টারের পরিবর্তে ‘কম্পিউট ক্যাম্পাস’ শব্দটি ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।

তবে শুধু নাম পরিবর্তন করে মানুষের উদ্বেগ দূর করা সম্ভব কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন টেকক্রাঞ্চের আলোচকেরা। তাদের মতে, ডেটা সেন্টারের নাম বদলে কম্পিউট ক্যাম্পাস রাখলেও বিদ্যুৎ ও পানির অতিরিক্ত চাহিদা নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ কমবে না।

নির্বাচনী ও নীতিগত চাপের পাশাপাশি আর্থিক চ্যালেঞ্জও বাড়তে পারে ডেটা সেন্টার নির্মাণে। পডকাস্টের আলোচনায় বলা হয়, এআই অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ বিনিয়োগের বিষয়ে ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের আগ্রহেও পরিবর্তন দেখা যাচ্ছে। ফলে একদিকে সরকারি বিধিনিষেধ, অন্যদিকে বিনিয়োগকারীদের মনোভাব—দুই দিক থেকেই চাপে পড়তে পারে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

তবে এআই সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে বড় পরিসরে কম্পিউটিং সক্ষমতা প্রয়োজন। এ কারণে ডেটা সেন্টার নির্মাণ পুরোপুরি বন্ধ করা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য সহজ হবে না। আগামী দুই বছর এবং এর পরবর্তী সময়ে এ খাতের নীতিনির্ধারণী সিদ্ধান্ত, স্থানীয় জনগণের অবস্থান ও বিনিয়োগের গতিপথ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।