ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠক, নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা
ছবিঃ সংগৃহীত।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মঙ্গলবার ও বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা। আলোচনায় যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
তার মতে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনার শুরু থেকেই নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি বারবার সামনে এসেছে। যুদ্ধ শেষ হলে ইউক্রেন এবং বৃহত্তর ইউরোপীয় অঞ্চলের নিরাপত্তাব্যবস্থা কেমন হবে, সেটি নির্ধারণ করা জরুরি। এ বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে এবং আবুধাবির বৈঠকে আরও অগ্রগতির আশা করছেন তারা। রুবিও বলেন, সংঘাতের অবসান না হলে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা কার্যকর করার প্রশ্ন আসে না। এখন পর্যন্ত কোনো বিষয় চূড়ান্ত হয়নি। তবে আসন্ন আলোচনায় এ বিষয়ে অগ্রগতি হতে পারে।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ১০ ও ১১ নভেম্বর আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের নিয়ে আলোচনা আয়োজন করবে ওয়াশিংটন। এতে যুক্তরাষ্ট্রের পক্ষে উইটকফের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। আলোচনার বিষয়বস্তুর মধ্যে রয়েছে যুদ্ধের অবসান, যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা চুক্তি, উত্তেজনা প্রশমন এবং মানবিক সহায়তা।
এদিকে আলোচনায় ইউরোপের অংশগ্রহণও নিশ্চিত হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো রোববার জানিয়েছেন, আবুধাবির বৈঠকে তাঁর দেশ প্রতিনিধিদের পাঠাবে। তবে কারা ফ্রান্সের প্রতিনিধিত্ব করবেন, তা তিনি জানাননি। এর আগে ব্রাসেলসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেন, ন্যাটো ও ইউরোপীয় অংশীদারদের বৈঠক হয়েছে। সেখানে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা, ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তাকাঠামো এবং ইউক্রেন পুনর্গঠনে অর্থনৈতিক সহায়তা নিয়ে আলোচনা হয়।
সীমান্ত ও নিরাপত্তা নিয়ে মতবিরোধ
যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা বাড়লেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মৌলিক মতপার্থক্য এখনো রয়ে গেছে। রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চল-দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন- সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়ে আসছে। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এসব অঞ্চলকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে মস্কো। এর আগে ২০১৪ সালে ক্রিমিয়াও দখল করে রাশিয়া।
রাশিয়ার দাবি, ইউক্রেনকে এসব অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে, ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে এবং সামরিক বাহিনীর আকার কমাতে হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিরোধিতা করছেন। তাঁর আশঙ্কা, ভূখণ্ড ছাড় দিলে ভবিষ্যতে রাশিয়া আবারও হামলা চালানোর সুযোগ পাবে।
জেলেনস্কির মতে, যেকোনো শান্তিচুক্তির সঙ্গে পশ্চিমা দেশগুলোর শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে। ইউক্রেনের প্রধান নিরাপত্তা হিসেবে দেশটির নিজস্ব সেনাবাহিনীকে শক্তিশালী রাখার পাশাপাশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক সহায়তা প্রয়োজন। ন্যাটোর সদস্যপদও ইউক্রেনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। তবে ট্রাম্প প্রশাসন এ মুহূর্তে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার পক্ষে নয়। রাশিয়াও এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করে আসছে।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিরাপত্তা নিশ্চয়তা কী ধরনের হবে, তা এখনো স্পষ্ট নয়। ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পঞ্চম অনুচ্ছেদের আদলে যুক্তরাষ্ট্রের সরাসরি নিরাপত্তা প্রতিশ্রুতি, ইউরোপীয় দেশগুলোর নেতৃত্বে বহুজাতিক বাহিনী মোতায়েন কিংবা ইউক্রেনের নিজস্ব সেনাবাহিনীকে শক্তিশালী করার মতো বিকল্প নিয়ে আলোচনা হচ্ছে। তবে এসবের কোনোটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
যুদ্ধক্ষেত্রে হামলা অব্যাহত
শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলা অব্যাহত রয়েছে। জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখা শহরে একটি সাবেক স্কুল ভবন ও পাশের আশ্রয়কেন্দ্রে রুশ ড্রোন আঘাত হানে। ওই ভবনটি মানবিক সহায়তা বিতরণের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। হামলার সময় উদ্ধারকাজ চলছিল। এতে কেউ হতাহত না হলেও উদ্ধারকাজে ব্যবহৃত সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ওই এলাকায় হামলার পর প্রায় ৫০ জন নিখোঁজ রয়েছেন।
এদিকে ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বাইরের বিদ্যুৎ সরবরাহ হারায়। ফলে চুল্লিগুলো ঠান্ডা রাখার জন্য কেন্দ্রটিকে জরুরি ব্যাকআপ জেনারেটরের ওপর নির্ভর করতে হয়। পরে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এ নিয়ে ২৭ বার কেন্দ্রটি বাইরের বিদ্যুৎ সংযোগ হারাল। পারমাণবিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এ ঘটনা।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের জন্য সামরিক সরঞ্জাম বহন করছিল- এমন তিনটি জাহাজে হামলা চালিয়েছে তাদের বাহিনী। পাশাপাশি দুটি বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলার কথা জানিয়েছে মস্কো। এসব দাবির স্বাধীন যাচাই পাওয়া যায়নি। এদিকে রাশিয়ার জ্বালানি নির্ভরতা কমাতে মলদোভা রোমানিয়া ও ইউরোপীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে নতুন সংযোগ চালু করেছে। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্পের আশাবাদ, অনিশ্চয়তা কাটেনি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। তবে সম্ভাব্য সমঝোতার পর ইউক্রেনের ভূখণ্ডের মানচিত্রে কিছু পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর এ মন্তব্য ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা এবং শান্তিচুক্তির শর্ত নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, আবুধাবির বৈঠকে নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে অগ্রগতি হলেও ভূখণ্ডের প্রশ্নে সমঝোতা কঠিন হতে পারে। ইউক্রেন ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে পশ্চিমা দেশগুলোর শক্তিশালী প্রতিশ্রুতি চাইছে। অন্যদিকে মস্কো ইউক্রেনের সামরিক ও কৌশলগত অবস্থান সীমিত করার দাবি করছে। ফলে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাকাঠামো নিয়ে কোনো গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোই হবে আলোচনার বড় পরীক্ষা।
তথ্য সূত্র- দ্য গার্ডিয়ান।