কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন ঢাবি ছাত্রদলের দুই নেতা
ছবিঃ সংগৃহীত।
জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন কনফারেন্স অব পার্টিস (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের দুই নেতা।
তারা হলেন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন এবং হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহির ইবনে ওমর।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক সহযোগিতায় তাদের এ সম্মেলনে অংশগ্রহণের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন ফেরদৌস সিদ্দিক সায়মন।
তিনি সেন্টার ফর এনভায়রনমেন্টাল গভর্ন্যান্সের চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে মাহির ইবনে ওমর গবেষণা ও সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম ‘দ্য বাংলাদেশ ডায়লগ’-এর সঙ্গে যুক্ত রয়েছেন। পরিবেশ ও জলবায়ু নিয়ে তাঁদের দুজনেরই কাজের সূচনা রাজধানীর নটর ডেম কলেজে অধ্যয়নকালে বলে জানান তারা।
মাহির ইবনে ওমর বলে, ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হবে বৈশ্বিক এ জলবায়ু সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণ সংগঠকেরা অংশ নেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফর করবেন। এতে আমরা যুক্ত হতে পেরে অত্যন্ত গর্বিত।
সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে ফেরদৌস সিদ্দিক সায়মন বলেন, এ বছর আন্তর্জাতিক সংগঠনগুলোর অর্থায়ন অপ্রতুল থাকায় কপ-৩১-এ যেতে পারব না ভেবেছিলাম। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানার পর ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে সার্বিক সহযোগিতার ব্যবস্থা করেন।
এ সময় তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনকে। কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা সম্পর্কে ফেরদৌস সিদ্দিক সায়মন বলেন, ‘এ সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু নীতি, আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু কূটনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।