দীর্ঘ তিন বছর পর বাংলাদেশে আসছেন ভারতের লাকি আলী

দীর্ঘ তিন বছর পর বাংলাদেশে আসছেন ভারতের লাকি আলী

ছবিঃ সংগৃহীত।

তিন বছর পর আবারও বাংলাদেশে আসছেন বলিউড ও ইন্ডি-পপের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী। ২০২৩ সালে ঢাকায় গান শুনিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। এবার ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও পারফর্ম করবেন এই শিল্পী।

‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ইকিউব এন্টারটেইনমেন্ট। লজিস্টিক পার্টনার হিসেবে রয়েছে ঢাকা ব্রডকাস্ট। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী ১২ নভেম্বর চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু এবং ১৩ নভেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের শেফ’স টেবিল কোর্টসাইডে গান শোনাবেন লাকি আলী।

ইতিমধ্যে ঢাকার কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ চট্টগ্রামের কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। দুই শহরের কনসার্টেই লাকি আলীর সঙ্গে বাংলাদেশের একাধিক ব্যান্ড পারফর্ম করবে। ব্যান্ডগুলোর তালিকাও আজ প্রকাশ করার কথা জানিয়েছে আয়োজকেরা।

কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ইকিউবের ওয়েবসাইটে। তিনটি শ্রেণিতে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। জেনারেল টিকিটের দাম ৪ হাজার, প্রিমিয়াম ৭ হাজার এবং ভিআইপি টিকিটের দাম ১২ হাজার টাকা।

তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের একাধিক কনসার্ট স্থগিত হওয়ায় লাকি আলীর অনুষ্ঠান নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এ বিষয়ে জানতে চাইলে আয়োজক প্রতিষ্ঠান ইকিউবের পক্ষ থেকে বলা হয়েছে, কনসার্টের অনুমতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। সবুজসংকেত পাওয়ার পরই টিকিট বিক্রি শুরু করা হয়েছে।

আয়োজকদের ভাষ্য, শেষ পর্যন্ত প্রশাসনের সর্বাত্মক সহায়তা পাওয়া যাবে বলে তারা আশাবাদী। দর্শকদের জন্য দারুণ একটি কনসার্ট আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা।

নব্বইয়ের দশকে ইন্ডি-পপ ও বলিউডের মেলোডি গানে নিজস্ব ধারা তৈরি করেছিলেন লাকি আলী। ১৯৯৬ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘সুনো’। এই অ্যালবামের ‘ও সানাম’ গানটি তাকে তারকাখ্যাতি এনে দেয়।

বলিউডের প্লেব্যাকেও সফল ছিলেন এই সংগীতশিল্পী। ‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘আ ভি জা’, ‘জানে ক্যায়া ঢুন্ডতা হ্যায়’, ‘আহিস্তা’ ও ‘সফরনামা’র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ২০১৫ সালের পর প্লেব্যাক থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়ে স্বাধীন সংগীতে মনোযোগী হন লাকি আলী।