বগুড়ার আ'লীগ নেতা স্ত্রীসহ ঢাকায় গ্রেফতার

বগুড়ার আ'লীগ নেতা স্ত্রীসহ ঢাকায় গ্রেফতার

ফাইল ছবি

বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তারা বগুড়া জেলা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর যৌথ অভিযান চালিয়ে বুধবার রাত ৮টার দিকে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেফতার হন।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু সুফিয়ান সফিকের স্ত্রী লিপি আক্তার বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক এবং তার স্ত্রী লিপি আক্তারকে বুধবার রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি তেজগাঁও টিম বগুড়া জেলা পুলিশের তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, আবু সুফিয়ান সফিকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় জুলাই-আগস্টে একাধিক গণহত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এছাড়া তার স্ত্রী লিপি আক্তার বগুড়া সদর থানার বিস্ফোরক আইন মামলার এজাহারভুক্ত আসামি।

গ্রেফতারের পর তারা বর্তমানে মোহাম্মদপুর থানা হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার তাদের বগুড়ায় নিয়ে আসা হবে।