চট্টগ্রাম আদালতের ১৯১১ মামলার নথি গায়েব, থানায় জিডি

চট্টগ্রাম আদালতের ১৯১১ মামলার নথি গায়েব, থানায় জিডি

ফাইল ছবি

চট্টগ্রাম আদালতের ১,৯১১টি মামলার নথি (কেস ডকেট বা সিডি) হারিয়ে গেছে। এসব মামলার মধ্যে রয়েছে হত্যা, মাদক, চোরাচালান ও বিস্ফোরণসহ বিভিন্ন অপরাধের মামলা। নথিগুলোর খোঁজ না পাওয়ার কারণে আইনজীবীরা উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ এ ধরনের গুরুত্বপূর্ণ নথি ছাড়া মামলা পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।

নথিগুলোর খোঁজ পাওয়া না যাওয়ায় গত রবিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভুঁইয়া কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট রাখা ছিল। তবে জায়গার অভাবে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে এসব নথি পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা হয়েছিল।

অফিসের অবকাশকালীন ছুটির কারণে গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও এগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। তাই বিষয়টি থানায় ডায়েরিভুক্ত করার জন্য আবেদন করা হয়েছে।

সরকারি কৌঁসুলি মফিজুল হক ভুঁইয়া জানান, তিনি ঠিকমতো বুঝতে পারছেন না কে বা কারা এই নথিগুলো নিয়ে গেছে। তবে তিনি বলেন, ‘আমি কিছুদিন হলো দায়িত্ব নিয়েছি এবং নথিগুলো রাখার জন্য কক্ষের ব্যবস্থা ছিল না। আমি কক্ষ চেয়েছিলাম, কিন্তু কক্ষ পাওয়ার সুযোগ হয়নি।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানিয়েছেন, পুলিশ এই ঘটনা তদন্ত করছে।

চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর পিপি কার্যালয় অবস্থিত। এর পাশেই রয়েছে মহানগর দায়রা জজ আদালতের এজলাস ও অন্যান্য বিচারকের এজলাস। পুরো আদালত ভবনটি দিনভর আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখরিত থাকে। তবে সন্ধ্যার পর থেকে সেখানে নিরাপত্তা বাড়ানোর কথা ছিল। নথি হারানোর এই ঘটনায় আইনজীবীরা বিস্মিত এবং তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।