কীটনাশক পানে নারীর মৃত্যু
ছবি : প্রতীকি
ভাঙ্গায় কীটনাশক পান করে দিপালী রানী পাল (৫৫) নামক এক নারীর মৃত্যু হয়েছে। ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের নিরঞ্জন পালের স্ত্রী। তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দিপালী রানী দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। সোমবার (২৭ জানুয়ারি)সকাল সাড়ে সাতটার দিকে ঔষধের সিরাপ ভেবে ভুল করে তিনি কীটনাশকের বোতলের বিষ পান করেন। এসময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
হামিরদী ইউনিয়ন পরিষদের সদস্য ও মনসুরাবাদ গ্রামের বাসিন্দা মো. আলমগীর মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ঔষধ ভেবে কীটনাশক পান করায় ওই নারীর মৃত্যু হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকছেদুর রহমান বলেন, লাশের ময়না তদন্তের রিপোর্টের পরে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।