ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানে ২ চাঁদাবাজ আটক

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানে ২ চাঁদাবাজ আটক

সংগৃহীত

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দুইজন চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (৩ আগস্ট) সকালে বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ আগস্ট) রাতে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর নাঈমের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। রানীশংকৈল উপজেলার মাদরাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে ট্রাকচালকের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন— রাজু মিয়া (২৬) ও আনোয়ার হোসেন (২৭)। তাদের কাছ থেকে আদায়কৃত টাকাসহ চাঁদাবাজির রসিদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল। সেনাবাহিনীর অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের ভাষ্যমতে, চাঁদাবাজদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।

ওসি মুহা. আরশেদুল হক আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।