ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রতিকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়  ব্রহ্মপুত্র নদে ডুবে আবুবকর সিদ্দিক রিফাত (২০) নামে এক মাদরাসা শিক্ষার্থী মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে চরটেকি বেড়িবাঁধ এলাকায়।

রিফাত পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা শহরের জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে ভগ্নিপতি রাজিবের সঙ্গে চরটেকি বেড়িবাঁধ এলাকায় ঘুরতে যান রিফাত। বিকাল ৪টার দিকে রিফাত ব্রহ্মপুত্র নদের পানিতে নামলে স্রোতের তোড়ে তলিয়ে যান। এ সময় তার দুলাভাই রাজিব মিয়া তাকে উদ্ধার করার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে কোনোরকমে সাঁতারে তীরে এসে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এলাকার লোকজন রাজিবকে অচেতন অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 

অন্যদিকে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও রিফাতের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল রিফাতের মরদেহ উদ্ধার করে। 

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।