পদ্মার চরে বজ্রপাতে মারা গেছে ১৩ মহিষ

পদ্মার চরে বজ্রপাতে মারা গেছে ১৩ মহিষ

প্রতিকী ছবি

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর চরে এক বাতান বাড়িতে বজ্রপাতে ১৩টি মহিষ মারা গেছে। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে চৌমাদিয়ার বাংলাবাজার চরের বাতান বাড়িতে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া চরের রকমত আলী শেখের ছেলে নবি আলী শেখের চৌমাদিয়ার বাংলাবাজার চরের বাতান বাড়িতে মহিষ রাখা ছিল। শনিবার সারা রাত বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাতে ১৩টি মহিষ মারা যায়।

নবি আলী শেখ পদ্মার ভাঙনে কিছু দিন আগে চৌমাদিয়ার বাংলাবাজার চরে বাতান বাড়ি তৈরি করেন। এই বাতান বাড়িতে রাখা ছিল মহিষগুলো।

নবি আলী শেখ দাবি করেন ১৩টি মহিষের মূল্য প্রায় ২০ লাখ টাকা।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চৌমাদিয়া চরের আবদুর রহমান বলেন, নবি আলী শেখ ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিছু দিন আগে তার বাড়ি পদ্মাগর্ভে চলে গেলে বাংলাবাজার এলাকায় মহিষ রাখার বাতান বাড়ি তৈরি করেন। এখানে তিনি সারাদিন মাঠে মহিষ চড়িয়ে রাতে বাতান বাড়িতে রাখেন। শনিবার রাতে বজ্রপাতে তার ১৩টি মহিষ মারা গেছে।