গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু
প্রতিকী ছবি
নড়াইলে নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব শিকদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের উত্তরপাড়ার কুয়েত প্রবাসী কাদের শিকদারের ছেলে।
মৃতের স্বজন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে রাকিব শিকদার কাগজীপাড়া গ্রাামের ওলিয়ার রহমানের নারিকেল গাছ পরিস্কার করার জন্য গাছে ওঠে।
অসাবধানবশত নারিকেল গাছের ডগায় পা দিলে সে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে তার পা ভেঙ্গে যায় ও বুকে-মাথায় প্রচণ্ড আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবখালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ইব্রাহিম হোসেন জানান, বেলা ১১টার দিকে প্রতিবেশীর নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।