২০ বছর বন্ধ থাকা ‘আল্পনা’ সিনেমা হল এখন ‘মার্কাজ মসজিদ’
ছবি: সংগৃহীত
লোকসানের বোঝা বইতে না পেরে দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ হয়ে গেছে নাড়াইল কালিয়া উপজেলার ‘আল্পনা’ সিনেমা হল। গত বুধবার থেকে বন্ধ সিনেমা হলের সামনে ঝুলেছে ‘তাবলিগী মার্কাজ মসজিদ’-এর ব্যানার। ১৯৮৪ সালে ‘টাউন হল’ নামে এর উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক ম শাফায়াত আলী। পরে এখানে সিনেমা হল হয়। প্রায় দুই দশক ধরে এটি খালি পড়ে আছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্থানীয়রা।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘এখন থেকে ২০ বছর আগে ‘আল্পনা’ সিনেমা হল ছিল। সেটি বন্ধ। কেউ একজন এই ভেস্টেড প্রপার্টি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে পরিচালনা করতেন বলে শুনেছি।’
তাবলিগের ‘আলমী শুরায়ী নেজাম’ এর পক্ষে মাওলানা শহিদুল এটি ইজারা নিয়ে তাবলিগী মার্কাজ মসজিদ করেছেন।
‘সাথী ভাই’ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রায়হান শেখ সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ! কালিয়া নড়াইলের ‘আল্পনা’ সিনেমা হল এখন থেকে (বুধবার) মারকাজ মসজিদ। যেখানে এক সময় গুনাহের অন্ধকারে নিমজ্জিত ছিল, আজ সেখানে আল্লাহর জিকির-ফিকির ও দ্বীনি দাওয়াতের মেহনত দ্বারা আবাদ হবে। অন্ধকার বিদায় নেবে, জায়গা করে নেবে ঈমানের নূর।’
জানা গেছে, কালিয়া উপজেলাতে নির্মিত হচ্ছে সরকারের আধুনিক মডেল মসজিদ। ফলে এই জায়গাটি সংরক্ষণ বা অন্যত্র করা যেত বলে মত এলাবাসীর। নড়াইলে একসময় তিনটি সিনেমা হল ছিল। বর্তমানে কোনো সিনেমা হল আর নেই। সবই এখন ইতিহাস।