গত দুই বছরে ইসরাইলি কারাগারে ৯৪ ফিলিস্তিনির মৃত্যু
ছবিঃ সংগৃহীত
একটি ইসরাইলি মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, গত দুই বছরে ইসরাইলি হেফাজতে কমপক্ষে ৯৪ জন ফিলিস্তিনি বন্দি মারা গেছে।
ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরাইলের (পিএইচআরআই) নতুন এক প্রতিবেদনে সিস্টেমেটিক কিলিং এবং ধামাচাপা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদনটি ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাস ইসরাইলে মারাত্মক হামলা চালিয়েছিল, সেই সময় থেকে ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত সময়কালকে অন্তর্ভুক্ত করেছে। গোষ্ঠীটি জানিয়েছে, এর আগের ১০ বছরে ইসরাইলি হেফাজতে ৩০ জনেরও কম ফিলিস্তিনির মৃত্যু হয়েছিল।
পিএইচআরআই অভিযোগ করেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি সিকিউরিটি প্রিজনারদের বিরুদ্ধে পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের উদ্বেগজনক চর্চা শুরু করেছে। এটি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নীতির অংশ হয়ে উঠেছে।
তবে ইসরাইল প্রিজন সার্ভিস বিবিসিকে জানিয়েছে, তারা আইন মেনে এবং সরকারি নজরদারি সংস্থার তত্ত্বাবধানে কাজ করে। তারা বাইরের সংস্থাগুলোর পরিসংখ্যান বা অভিযোগ নিয়ে মন্তব্য করেনি। আইপিএস আরও বলেছে, সব বন্দিকে আইনি প্রক্রিয়া অনুসারে রাখা হয় এবং চিকিৎসা পরিষেবা, পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত জীবনযাত্রার মানসহ তাদের অধিকার পেশাদার প্রশিক্ষিত কর্মীদের দ্বারা বজায় রাখা হয়।
৭ অক্টোবর, ২০২৩ থেকে গাজা এবং পশ্চিম তীরজুড়ে হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। যাদের অনেকের বিরুদ্ধেই কোনো অভিযোগ আনা হয়নি। ইসরাইলি কর্তৃপক্ষ রেড ক্রসকে বন্দিদের সম্পর্কে তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে। বন্দিশালায় প্রবেশাধিকারও সীমিত করেছে।
পিএইচআরআইর প্রতিবেদনটি সরকারি রেকর্ড, ফরেনসিক প্রতিবেদন, অন্যান্য মানবাধিকার গোষ্ঠী এবং প্রত্যক্ষদর্শী, পরিবার ও আইনজীবীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, মৃতদের মধ্যে ৫২ জন সামরিক কারাগারে এবং ৪২ জন আইপিএস পরিচালিত বেসামরিক জেলে মারা গেছে। পিএইচআরআইর দাবি, এই মৃত্যুগুলোর কারণ হলো শারীরিক সহিংসতা, চিকিৎসার অবহেলা অথবা উভয়ই।
প্রতিবেদনে ইসরাইলের কট্টর-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের নীতির সমালোচনা করা হয়েছে। পিএইচআরআই বলেছে, বেন-গভিরের অধীনে ফিলিস্তিনিদের জন্য ইসরাইলের বন্দিশালাগুলো কার্যত নির্যাতন ও অপব্যবহারের স্থানে রূপান্তরিত হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, দৈনন্দিন শারীরিক সহিংসতা ব্যাপক এবং মানবাধিকার থেকে বঞ্চিত করা ও পদ্ধতিগত নির্যাতনের ফলে বহু ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
সর্বাধিকসংখ্যক মৃত্যু অর্থাৎ ২৯ জন, গাজার নিকটবর্তী দক্ষিণ ইসরাইলের সদে তেইমান সামরিক কারাগারে ঘটেছে। এই কারাগারে একজন ফিলিস্তিনি বন্দিকে মারধর ও ধারালো বস্তু দিয়ে নির্যাতন করায় পাঁচ ইসরাইলি রিজার্ভ সেনা সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
পিএইচআরআই ইসরাইলি কর্তৃপক্ষের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মৃত্যু ও হেফাজতে নির্যাতনের ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার এবং তদন্ত দমন করার অভিযোগ এনেছে। বহু ক্ষেত্রে বন্দিদের পরিবারকে তাদের স্বজনের মৃত্যুর খবর জানানো হয়নি এবং ময়নাতদন্তের সুযোগও দেওয়া হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি কারা কর্মী ও সৈন্যদের বিচার করতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে।
গোষ্ঠীটি জোরপূর্বক গুম হওয়ার নীতিরও সমালোচনা করেছে, যার মাধ্যমে হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করা হলেও তাদের পরিবারকে জানানো হয়নি বা তারা কোথায় আছেন, তা বলা হয়নি। পিএইচআরআই অনুমান করছে, নথিভুক্ত সংখ্যার চেয়ে বাস্তবে নিহত ফিলিস্তিনির সংখ্যা আরও বেশি হতে পারে।