নারায়ণগঞ্জে তরুণের মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি পরিত্যক্ত ভবনে মো. তাকবির (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভিকটিমের পরিবারের দাবি অপহরণকারীর একটি চক্র তাদের কাছে মুক্তিপণ দাবি করেছিলেন।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে নাসিক ৪নং ওয়ার্ডের ওয়াদা কলোনি বউবাজার এলাকায় তার মরদেহ পাওয়া যায়। নিহত তাকবির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।
নিহতের বড় ভাই হৃদয় বলেন, একটি ফোন নাম্বার হতে আমার ভাইকে আটকে রেখে ৪০ হাজার টাকা দাবি করা হয়েছিল। আমরা তাদের টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম। পরে দুপুরে খবর পাই আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেছেন, ধারণা করা হচ্ছে ভিকটিম গতরাতে মারা হয়েছে। তার পরিবারের দাবি তাদের কাছে ফোন কলের মাধ্যমে মুক্তিপণ দাবি করা হয়েছিল। আমরা ওই ফোন নাম্বারের মাধ্যমে তদন্ত শুরু করেছি। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।