‘জীবিত হাদির চেয়ে একজন শহীদ হাদি বেশি শক্তিশালী’

‘জীবিত হাদির চেয়ে একজন শহীদ হাদি বেশি শক্তিশালী’

সংগ্রহীত ছবি

বিশিষ্ট সাংবাদিক ও আন্তর্জাতিক বিশ্লেষক ড. ইমরান আনসারী বলেছেন, হাদির রক্তের বিনিময়েও এই দেশে শান্তি প্রতিষ্ঠা হোক। একজন জীবিত হাদির চেয়ে একজন শহীদ হাদি কয়েক গুণ বেশি শক্তিশালী। 
তিনি বলেন, কিছুদিন আগেও সাংবাদিক হাদি একাই আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলছিলেন। কিন্তু আজ তার মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশের মানুষ সেই আধিপত্যবাদের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে।

 

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বুড়িচং প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইমরান আনসারী সাংবাদিক হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। পাশাপাশি হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, মব দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা একটি অসুস্থ ও বিপজ্জনক সমাজের লক্ষণ।

তিনি বলেন, গণমাধ্যম ও গণতন্ত্র রেললাইনের মতো—দুটো একসঙ্গে চললেই রাষ্ট্র সঠিক পথে এগিয়ে যায়।

যেকোনো একটি দুর্বল হলে রাষ্ট্র অনিবার্যভাবে সংকটে পড়ে।

তিনি আরো বলেন, সংবাদ পরিবেশনে তথ্যের ঘাটতির কারণে অনেক সময় সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য সাংবাদিকদের আরো দায়িত্বশীল, সচেতন ও পেশাদার হওয়ার আহ্বান জানান তিনি। 

ড. ইমরান আনসারী বলেন, জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা অনেক বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন।

তারা খুব সামান্য সম্মানী পান, অনেক ক্ষেত্রে কোনো সম্মানীই পান না; অথচ তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার। তিনি মনে করেন, একটি শক্তিশালী নাগরিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সত্য তুলে ধরা এবং সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখা।

উল্লেখ্য, ড. ইমরান আনসারী দীর্ঘ ১৩ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। সেখানে তিনি ফ্যাসিবাদ ও দমনমূলক রাষ্ট্র ব্যবস্থার চরিত্র নিয়ে একাধিক প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেন।

 

সম্প্রতি দেশে ফিরে তিনি গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে সক্রিয় ভূমিকা রাখছেন। বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সহ-সাংগঠনিক সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মো. সাফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক মো. ফয়েজ, বিজ্ঞান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু মোল্লা এবং সদস্য মো. তাজুল ইসলাম, মো. কিবরিয়া ও পিয়াস।