মিয়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক
সংগ্রহীত ছবি
মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাদ্যসামগ্রীসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশি শেষে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২৭ হাজার ৫০০ কেজি মটর ডাল, ১ হাজার কেজি পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপণ্য উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে জড়িত ১০ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল, পাচারে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের উপকূলীয় ও সমুদ্র এলাকায় পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।