বিএনপির লোকজন শালিস-দরবার করতে পারবে না : এমপি এ কে এম ফজলুল হক মিলন

বিএনপির লোকজন শালিস-দরবার করতে পারবে না : এমপি এ কে এম ফজলুল হক মিলন

সংগৃহীত ছবি

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বিএনপির কেউ শালিস-দরবার, চাঁদাবাজি, মাদক সংশ্লিষ্টতা বা থানায় দালালি—এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবে না। এমন অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি একাধিক সভায় এমপি ফজলুল হক মিলন এই ঘোষণা দেন।

বিভিন্ন সভায় দেওয়া তার বক্তব্যের ভিডিও থেকে জানা যায়— এমপি মিলন বলেছেন, ‘কে কোন দল করেন সেটা বিষয় নয়। সবাই আমার লোক। কেউ কোনো অন্যায় করলে আইন অনুযায়ী বিচার হবে। কোনো ভাবেই আইন হাতে তুলে নেওয়া যাবে না।

তিনি আরো বলেন, ‘একটি ন্যায় ভিত্তিক সমাজ গঠনে অপরাধ নিয়ন্ত্রন জরুরী। কোথাও কোনো অন্যায় দেখলে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে। জনগন আমাকে যে জন্য ভোট দিয়েছেন সেই কাজটি সুষ্ঠু ও সুন্দরভাবে করতে আমি সকল ধরণের ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি।’