জনস্বাস্থ্য সুরক্ষাকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে সরকার: আমানউল্লাহ আমান

জনস্বাস্থ্য সুরক্ষাকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে সরকার: আমানউল্লাহ আমান

সংগৃহীত ছবি

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনস্বাস্থ্য সুরক্ষাকে বিশেষ অগ্রাধিকার দিয়েছেন। 

শনিবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক অভিযান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি আরও বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে দেশের নাগরিকদেরও সচেতন হতে হবে। নিজ নিজ বাসাবাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে কোথাও মশার বংশবিস্তার না ঘটনা পারে।

আমানউল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে চলমান এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কোনো একদিনের কর্মসূচি নয়। এটি একটি ধারাবাহিক কার্যক্রম হিসেবে নিয়মিতভাবে পরিচালিত হবে।

আমানউল্লাহ আমান বলেন, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা বা বাড়ি ও বাসার ছাদে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পানির ট্যাংক ঢেকে রাখা এবং প্রতিসপ্তাহে অন্তত একবার বাড়ির ভেতর ও আশপাশ পরিষ্কার রাখারও পরামর্শ দেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়াসহ উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা।