পুলিশ হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

পুলিশ হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

প্রতিকী ছবি

চলতি বছরের শুরুর দিকে সরকারবিরোধী আন্দোলন চলাকালে পুলিশ অফিসারদের হত্যা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অভিযান পরিচালনার দায়ে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

বৃহস্পতিবার সকালে ওই তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, ইরানে মার্কিন-ইসরায়েলের সামরিক হামলার ২০তম দিনে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, ‘দেই’ (জানুয়ারি) মাসের অস্থিরতায় খুনের দায়ে এবং জায়নবাদী গোষ্ঠী ও যুক্তরাষ্ট্রের পক্ষে পরিচালিত অভিযানে যুক্ত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড আজ সকালে কার্যকর করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা দু’জন আইন প্রয়োগকারী কর্মকর্তাকে হত্যার সঙ্গে জড়িত ছিল।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ডিসেম্বর মাসের শেষের দিকে শুরু হওয়া সরকারবিরোধী (অ্যান্টি-এস্টাবলিশমেন্ট) বিক্ষোভের সময় ৩১১৭ জন নিহত হয়েছে। তবে তারা জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সেই দাবি প্রত্যাখ্যান করেছে, যেখানে বলা হয়েছিল ৮ এবং ৯ জানুয়ারি সংঘটিত অধিকাংশ হত্যাকাণ্ডের পেছনে রাষ্ট্রীয় বাহিনীর হাত ছিল।

ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে, যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (HRANA) জানিয়েছিল, তারা ৬৮৭২ জনের মৃত্যু নিশ্চিত করেছে এবং আরও ১১ হাজারের বেশি ঘটনা তদন্ত করছে।

জাতিসংঘের একজন বিশেষ প্রতিবেদক (স্পেশাল র‍্যাপোর্টিয়ার) বলেছিলেন, রাষ্ট্র কর্তৃক কঠোর ইন্টারনেট সেন্সরশিপ বা ফিল্টারিং থাকা সত্ত্বেও যেটুকু তথ্য বাইরে এসেছে, তাতে নিহতের সংখ্যা ২০ হাজারের বেশি হতে পারে।