রূপগঞ্জে মামলা তুলে নিতে ইউপি সদস্যকে হত্যার হুমকি
ফাইল ছবি
মামলা তুলে না নিলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন পরিষদের এক সদস্যের পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এ হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী হলেন কায়েতপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন। তার অভিযোগ, আবুল হোসেন ও তার সহযোগীরা এ হুমকি দিয়েছে।
অভিযোগে সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল বিকালে কামশাইর পাকারাস্তা এলাকায় অভিযুক্ত আবুল হোসেন, মাহমুদ হাসান, রিপনসহ আরও তিন-চারজন অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল মতিন ভুঁইয়া ও তার স্ত্রী-সন্তানের ওপর হামলা চালায়।
সন্ত্রাসীরা আব্দুল মতিন ভুঁইয়াকে পিটিয়ে আহত করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এতে আব্দুল মতিন ভুঁইয়ার স্ত্রী জহুরা আক্তার সুমি ও মেয়ে মুশফিকা তানহা বাধা দিলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। সন্ত্রাসীরা সুমির গলায় থাকা স্বর্ণের চেইন ও আব্দুল মতিন ভুঁইয়ার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগ দায়েরের প্রায় পাঁচদিন পেরিয়ে গেলেও আসামিরা গ্রেফতার হয়নি।
এদিকে, আসামি পক্ষের লোকজন আজ সকালে ইউপি সদস্য আব্দুল মতিন ভুঁইয়ার বাড়িতে এসে অভিযোগ তুলে না নিলে হত্যার হুমকি দিয়েছে। এতে আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে অভিযুক্ত আবুল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য না।’
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। কেউ এলাকায় অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না। আবুল হোসেন বাহিনীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’