চট্টগ্রামে নতুন করে হাম শনাক্ত ৮ শিশুর
প্রতিকি ছবি
চট্টগ্রামে নতুন করে আরও ৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪।
শুক্রবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে নগরীর বিভিন্ন হাসপাতালে মোট ৮৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় উপসর্গ থেকে সুস্থ হয়ে ২১ শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এ ছাড়া নতুন করে ৪টি নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম থেকে মোট ৩০৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলো।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সন্দেহভাজন রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে এবং কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে নগর এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং আক্রান্ত ও সন্দেহভাজনদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে।