চৈত্র সংক্রান্তিতে আলপনা উৎসবে মেতেছে গুলশানবাসী

চৈত্র সংক্রান্তিতে আলপনা উৎসবে মেতেছে গুলশানবাসী

সংগৃহীত ছবি

চৈত্র সংক্রান্তির রাতে আলপনা উৎসব করেছে গুলশানের বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটি। সোমবার রাত সাড়ে ১০টার দিকে গুলশান-২ এর লেক পার্ক সংলগ্ন ৬২ নম্বর সড়কে আলপনা উৎসবে অংশ নেন গুলশানের বাসিন্দারা। আলপনা অঙ্কনের এই আয়োজন চলে গভীর রাত পর্যন্ত। 

উৎসবের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতসহ গুলশান সোসাইটির সংগঠকরা। এসময় নারী, শিশুসহ গুলশানের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। 

 উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা চাই সবগুলো সোসাইটি থেকে এ ধরনের আয়োজন করা হোক। আমরা এসব আয়োজনে সহযোগিতা করছি। আমরা চাই, নগরবাসী উৎসবের মধ্যে থাকুন।’

আয়োজন নিয়ে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, নগরকে বাঁচাতে হলে সাংস্কৃতিক আয়োজন করতে হবে। এসব আয়োজনে মানুষকে সম্পৃক্ত করতে পারলে আমরা একটি সুন্দর শহর করতে পারব। সেজন্যই আমাদের এ আয়োজন। একটি শহর শুধু কংক্রিট বা ভবন না, শহরকে বাঁচাতে হলে মানুষকে নানা আয়োজনে সম্পৃক্ত করতে হবে।  

এছাড়া বিগত বছরের মতো এবারও গুলশান সোসাইটির আয়োজনে গুলশান লেক পার্কে পহেলা বৈশাখে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। মঙ্গলবার বিকাল থেকে অনুষ্ঠান শুরু হবে।