ইসলামাবাদকে উড়িয়ে ফাইনালে পেশোয়ার জালমি

ইসলামাবাদকে উড়িয়ে ফাইনালে পেশোয়ার জালমি

সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পেশোয়ার জালমি। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অধিনায়ক বাবর আজমের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে সহজ জয় পায় জালমি।

টসে জিতে ইসলামাবাদ আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে মোহাম্মদ হারিস ও বাবর আজম ঝড়ো সূচনা এনে দেন। পাওয়ার প্লে'তে বিনা উইকেটে ৬৮ রান তোলে পেশোয়ার। হারিস ১৬ বলে ৩৫ রান করে ফিরলেও বাবরের সঙ্গে কুশল মেন্ডিস ইনিংস এগিয়ে নেন। মেন্ডিস ২৬ বলে ৪১ রান করেন।

এক প্রান্ত আগলে রেখে বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান বাবর। ইসলামাবাদের বোলারদের ওপর চড়াও হয়ে ৫৯ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল একাধিক চার-ছক্কা। শেষদিকে অ্যারন হার্ডির ১০ বলে ২০ রানের ক্যামিওতে ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রান তোলে পেশোয়ার। ইসলামাবাদের হয়ে শাদাব খান নেন ৩ উইকেট।

২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডেভন কনওয়ে ও সামীর মিনহাস ভালো শুরু দেন ইসলামাবাদকে। ৫ ওভারে আসে ৫৮ রান। কনওয়ে ২০ ও মিনহাস ৪৪ রান করেন। মহসিন রিয়াজ ২৫ ও ইমাদ ওয়াসিম ২২ রান করলেও বাকিরা ব্যর্থ হন।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫১ রানেই গুটিয়ে যায় ইসলামাবাদ। পেশোয়ারের হয়ে অ্যারন হার্ডি ৩ উইকেট নেন। মোহাম্মদ বাসিত ও সুফিয়ান মুকীম নেন ২টি করে উইকেট। বড় জয়ে সরাসরি ফাইনালে জায়গা নিশ্চিত করল পেশোয়ার জালমি।