বরিশালে একদিনের ব্যবধানে দুই শিক্ষার্থী নিখোঁজ

বরিশালে একদিনের ব্যবধানে দুই শিক্ষার্থী নিখোঁজ

প্রতিকি ছবি

বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রহস্যজনক এই ঘটনায় নগরীতে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো—ভাটিখানা এলাকার বাসিন্দা ও প্রবাসী সজল দাসের ছেলে কালেক্টর স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সৌরভ দাস শান এবং সাগরদী এলাকার মনির হাওলাদারের কন্যা আবেদুনেছা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনিয়া আক্তার।

শানের মামা দীপ্ত ঘোষ জানান, গত শনিবার রাত ১০টার দিকে ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দোকান থেকে খিচুড়ি কিনতে বের হয় শান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে মহানগর কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিদ চন্দ্র বলেন, শান বাসা থেকে বের হয়ে মায়ের বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করে। পরে একটি রিকশা রিজার্ভ করে নথুল্লাহবাদের দিকে যায় বলে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অপহরণ করা হয়নি; সে নিজেই আত্মগোপনে গেছে।

অন্যদিকে, গত শুক্রবার নিখোঁজ হয় মুনিয়া আক্তার। এ ঘটনায় তার মা কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে ধান গবেষণা রোডের বাসিন্দা সান্টু হাওলাদারের ছেলে মামুনকে অপহরণের অভিযোগে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে।

কোতয়ালী মডেল থানার এসআই মো. সাব্বির বলেন, আমরা বিষয়টি নিখোঁজ হিসেবে তদন্ত করছি। উদ্ধার হওয়ার পর বিস্তারিত জানা যাবে।