সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে আরেক শ্রমিক নিহত
ফাইল ছবি
সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে গুরুতর আহত হওয়া আরেক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রামিম মিয়া (৫০) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে। নিহত রামিম মিয়া সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ার আলিম উদ্দীনের ছেলে।
এর আগে গত রবিবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজারে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে ৮ শ্রমিক নিহত হন। আহত হন আরও অন্তত ৭ জন। নির্মাণ শ্রমিকরা বাড়ির ছাদ ঢালাই কাজের জন্য পিকআপে করে সুনামগঞ্জ যাচ্ছিলেন। আহতদের মধ্যে রামিম মিয়া রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ কমিশনার মঞ্জুরুল আলম জানান, রবিবার সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজারে পিকআপ ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৮ জন মারা গিয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যাওয়ায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি।