কুয়েত-বাহরাইনে হামলা কেন, জানাল ইরান
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে কুয়েত ও বাহরাইনে নতুন করে হামলা চালানোর কারণ জানিয়েছে ইরান। দেশটি বলেছে, ইরানে মার্কিন হামলার জন্য ওই দুই দেশের দায় রয়েছে। বুধবার (০৩ জুন) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইরানে নতুন করে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে তেহরান। এ হামলাকে যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে দেশটি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামলার ঘটনায় কুয়েত ও বাইরানের স্পষ্ট এবং সরাসরি দায় রয়েছে। কারণ তাদের ভূখণ্ড ও সহায়তা নিয়ে ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্র।
তেহরান বলছে, ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। ভবিষ্যতে যেকোনও হামলা হলে তার জবাব দিতে সব ধরনের উপায় ব্যবহার করা হবে। এমনকি যেকোনও হামলার উৎসকে লক্ষ্যবস্তু করা হবে।
এর আগে, এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী বলেছে, মঙ্গলবার ভোরের দিকে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। তবে এই হামলায় ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে। লক্ষ্যে আঘাত হানার আগেই সেসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে কোনও স্থাপনায় শত্রুতাপূর্ণ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার ঘটনা ঘটেনি বলে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে। মাঝরাতে যে শব্দ শোনা গিয়েছিল, সেটি ছিল শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র-ড্রোন ধ্বংসের আওয়াজ।
তবে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী বিবৃতি দেওয়ার কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা বার্তায় ওই বিবৃতিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
দেশটির এই বাহিনী বলেছে, আমাদের কাছে কুয়েতে মার্কিন ঘাঁটিতে অন্তত ৩টি ক্ষেপণাস্ত্রের সফলভাবে আঘাত হানার প্রমাণ আছে।
কুয়েতের পাশাপাশি প্রায় একই সময়ে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। তবে এ বিষয়ে দেশটির সেনবাহিনী এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ বলছে, পারস্য উপসাগরীয় ইরানি কেশম দ্বীপের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর কিছুক্ষণ পরই কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি।