গাইবান্ধায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

গাইবান্ধায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

প্রতিকি ছবি

 

গাইবান্ধার পলাশবাড়ীতে পানহাটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পলাশবাড়ী কৃষিপণ্য উৎপাদ সমিতি-পানচাষি সমিতির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে সাড়ে ৭টার দিকে উপজেলার পৌর শহরের ছোটশিমুলতলা পানহাটিতে এ ঘটনা ঘটে। এসময় হাটের একাধিক টিনের ঘর ভাঙচুরসহ গাছ কেটে ফেলা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পৌর শহরের ছোটশিমুলতলা পানহাটির দখলকে কেন্দ্র করে পলাশবাড়ী কৃষিপণ্য উৎপাদ সমিতি-পলাশবাড়ী পানচাষি সমিতির মধ্যে বিরোধ চলে আসছে।

এরআগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছিলো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালেও উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনাও ঘটে। ককটেল বিস্ফারণে পথচারী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ছোটশিমুলতলা এলাকার পানহাটি সংলগ্ন পলাশবাড়ী-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে দুই দিকে দুই পক্ষের লোকজন অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় পানহাটিতে থাকা দুটি গাছ এবং হাটের কয়েকটি পানের দোকান (ছাউনি) ভাঙ্গার ঘটনাও ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, সকালে পানহাটিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

তবে, ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত নয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি বলেন, এর আগে ওই পানহাটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২০ মে ওই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন প্রতিপক্ষের ইটের আঘাতে সামিউল ইসলাম বুকে চোট পেয়ে আহত হন এবং ৩০ মে ভোররাতে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওসি বলেন, দুই পক্ষ থেকেই পলাশবাড়ী থানায় মামলা করা হয়।

এ ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।