ময়মনসিংহে খালে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
ফাইল ছবি।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় খালের পানিতে ডুবে চাচা-ভাতিজির মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার বিলডোরা ইউনিয়নের পশ্চিম দারিয়াকান্দা (কানাকড়িকান্দা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- পশ্চিম দারিয়াকান্দা গ্রামের তুলা মিয়ার ছেলে আব্দুল্লাহ (৮) এবং বুরহান উদ্দিনের মেয়ে জান্নাত (৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজি।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশের বালুয়াকান্দা খালের পাড়ে খেলছিল দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত তারা খালের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে খালের পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
নিহত আব্দুল্লাহর বাবা তুলা মিয়া জানান, মাদরাসার ছাত্র আব্দুল্লাহ বেড়াতে বাড়িতে এসেছিল। ভাতিজি জান্নাতকে নিয়ে খালের পাশে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।