দিনাজপুরে ছাত্রলীগ নেতাসহ মাদক কারবারি আটক
ফাইল ছবি
দিনাজপুরের হাকিমপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সহসভাপতি মিনহাজ হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক অপর দুজনের বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ভোররাতে উপজেলার সাতকুড়ি রেলগেট ও খট্টামাধবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মিনহাজ হাসান হাকিমপুরের লোহাচড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। তিনি খট্টামাধবপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে সহসভাপতির দায়িত্ব পান।
অপর দুজন হলেন উপজেলার সাতকুড়ি গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে মমিন হোসেন এবং ঘাসুরিয়া গ্রামের মৃত আনিছ মিয়ার ছেলে আরিফ হোসেন। তাঁদের বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে বা সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মিনহাজ হাসানকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী পৃথক অভিযানে মমিন হোসেন ও আরিফ হোসেনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।