নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় জামায়াতের শোক

নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় জামায়াতের শোক

ফাইল ছবি

মাউন্ট এভারেস্টের দেশ নেপালে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যুর খবর বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে। নিখোঁজ রয়েছেন কয়েকশ। এ ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  

বুধবার (২৬ আগস্ট) রাতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই শোক জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘নেপালের রসুয়া ও নুওয়াকোট জেলাসহ পার্শ্ববর্তী তিব্বত সীমান্তে ভূমিকম্প পরবর্তীতে তুষারধস ও বন্যায় অন্তত ৩১ (পরে রাতে সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে) জনের নির্মম মৃত্যু হয়েছে। শিশু, নিরাপত্তা বাহিনীর সদস্য ও বহু নেপালি ও বিদেশি পর্যটকসহ তিন শতাধিক মানুষ নিখোঁজ হওয়ার হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত।’

গোলাম পরওয়ার বলেন, ‘নিখোঁজ মানুষদের উদ্ধারে এবং দুর্গত এলাকার অসহায় মানুষদের সহায়তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের যথাযথ মর্যাদা কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি, নিখোঁজ ব্যক্তিবর্গ যেন দ্রুত ও সুস্থ অবস্থায় উদ্ধার পান এবং আহতরা দ্রুত আরোগ্য লাভ করেন সেই দোয়া করছি।’

জামায়াত সেক্রেটারি বলেন, ‘এই কঠিন মুহূর্তে নেপাল সরকার, সে দেশের জনগণ এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের সাথে আমরা গভীর সহমর্মিতা প্রকাশ করছি।’