তিন ভাষায় পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব

তিন ভাষায় পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব

ছবি: সংগৃহীত

ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের নাম পালটে ‘বাংলা’ করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি জানিয়েছেন, বাংলা, হিন্দি এবং ইংরেজি- তিনটি ভাষায় ‘বাংলা’ নাম রাখার প্রস্তাব দিয়েছে মমতা ব্যানার্জির সরকার।

মঙ্গলবার লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ জানিয়েছেন, গত পাঁচ বছরে দেশের বিভিন্ন প্রান্তের শহরের নাম পরিবর্তনের যে সব প্রস্তাব জমা পড়েছে, তাতে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনসিওসি) দিয়েছে কেন্দ্র। সেইসাথে তিনি বলেন, ‘রাজ্যের নাম পাল্টে তিনটি ভাষায় (বাংলা, ইংরেজি এবং হিন্দি) বাংলা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাব জমা পড়েছে।’

এমনিতে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের নাম পাল্টে ‘বাংলা’ করার দাবি তুলছেন মমতারা। এখন পর্যন্ত নাম পরিবর্তনের দায় কেন্দ্রীয় সরকারের উপর চাপিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারইমধ্যে দেশের কতগুলো জায়গায় নাম পরিবর্তনের জন্য কেন্দ্র সরকারের প্রস্তাব জমা পড়েছে এবং ঐতিহ্যবাহী জায়গার নাম পরিবর্তনের ক্ষেত্রে নীতি সংশোধন করা হয়েছে কিনা, তা লোকসভায় জানতে চেয়েছিলেন তৃণমূলের এমপি সায়দা আহমেদ।

সেই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, হেরিটেজ জায়গার নাম পরিবর্তনের ক্ষেত্রে কেন্দ্রের কোনো নির্দেশিকা নেই। গত কয়েক বছর একাধিক জায়গায় পরিবর্তন হয়েছে। তারই মধ্যে চলতি বছরের ২৫ এপ্রিল কেন্দ্রের কাছে মধ্যপ্রদেশের একটি জায়গায় নাম পরিবর্তনের প্রস্তাব জমা পড়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস