আইপিএলের প্লে-অফে কার মুখোমুখি কে

আইপিএলের প্লে-অফে কার মুখোমুখি কে

ফাইল ছবি

দেখতে দেখতে শেষ হয়ে গেল আইপিএলের ১৭তম আসরের লিগপর্ব। বাকী কেবল আর চারটি ম্যাচ। প্লে-অফের তিনটি ও ফাইনাল। চারটি দল পা রেখেছে পরের পর্বে। আর আসর শেষ হয়ে গেছে ছয়টি দলের।

২১ মে থেকে গড়াতে চলেছে প্লে-অফের ম্যাচগুলো। এই রাউন্ডে উত্তীর্ণ হয়েছে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান র‌য়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একনজরে দেখে নেয়া যাক কে লড়বে কার সাথে।টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্লে-অফে একটি এলিমেনেটর ও দুটি কোয়ালিফায়ার ম্যাচ খেলবে দলগুলো। প্রথম কোয়ালিফায়ারে খেলবে শীর্ষ দু’দল। এখানে জয়ী দলটি দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে হারা দলটির সাথে। কোয়ালিফায়ারে জয়ী দল দুটি খেলবে ফাইনাল।

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে প্লে-অফে লড়বে কলকাতা। কোয়ালিফায়ারে নাইট রাইডার্সদের প্রতিপক্ষ হিসেবে দৌড়ে এগিয়ে ছিল রাজস্থান। সম্ভাবনা ছিল হায়দরাবাদেরও। লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে সেই সম্ভাবনাকে আরও নিকটবর্তী করে নেয় প্যাট কামিন্সের দল। রাজস্থান-কলকাতার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় লাভই হয়েছে তাদের। রানরেটে রাজস্থানকে পেছনে ফেলে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করে হায়দরাবাদ।

পরিত্যক্ত ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েও লাভ হয়নি রাজস্থানের। ১৪ ম্যাচে হায়দরাবাদের সমান ১৭ পয়েন্ট পেলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় তিনেই থাকতে হচ্ছে তাদের। সাঞ্জু স্যামসনের দলের রান রেট +০.২৭৩ আর হায়দরাবাদের +০.৪১৪। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে কলকাতা। প্রথম কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ তাই হায়দরাবাদ।

এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে রাজস্থান। জমজমাট লড়াইয়ে শনিবার চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করে বিরাট কোহলিদের দল। প্রথম ৮ ম্যাচে স্রেফ একটি জেতা দলটি টানা ৬ ম্যাচ জিতে অবিশ্বাস্যভাবে জায়গা করে নেয় শীর্ষ চারে। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ১৪।

তাদের সমান ১৪ পয়েন্ট করে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা চেন্নাই (+০.৩৯২), দিল্লি ক্যাপিটালস (-০.৩৭৭) ও লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসেরও (-০.৬৬৭)। কিন্তু তাদের চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় পরের ধাপে খেলার সুযোগ পেয়েছে বেঙ্গালুরু (+০.৪৫৯)।

তলানিতে থেকে আসর শেষ করেছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। ১৪ ম্যাচে তারা জিততে পেরেছে কেবল চারটি। ১২ পয়েন্ট নিয়ে আটে গুজরাট টাইটান্স। নয়ে থাকা পাঞ্জাবের পয়েন্ট ১০।

প্রথম কোয়ালিফায়ারে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে কলকাতা ও হায়দরাবাদ। এই ম্যাচের জয়ী দল চলে যাবে ফাইনালে। পরাজিত দলের জন্যও সুযোগ থাকবে আরেকটি। এলিমিনেটরে জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে তারা।

আগামী বুধবার মাঠে গড়াবে রাজস্থান ও বেঙ্গালুরুর এলিমিনেটর ম্যাচটি। দ্বিতীয় কোয়ালিফায়ার শুক্রবার। আসরের ফাইনাল আগামী রোববার, চেন্নাইয়ে।