৭ নভেম্বরের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান
ছবি: সংগৃহীত
কুমিল্লা নগরীতে অবস্থিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ৭ নভেম্বরের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
কলেজ অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কলেজের ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ভিপি মনিরুল ইসলাম বাচ্চু, কুমিল্লা হাইস্কুলের সভাপতি মো. মুজাহিদ চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও অত্র কলেজের সাবেক জি.এস নজরুল হক ভূঁইয়া স্বপন, সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান হেলাল ও উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক তাসলিমা আক্তার।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন। তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ জনতার অভূতপূর্ব ঐতিহাসিক অভ্যুত্থান ঘটেছিল। যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার ক্ষেত্রে একটি নতুন মোড় এনে দেয়।
বক্তারা তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের এই দিবসের মূল চেতনা দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং শৃঙ্খলা ধারণ করে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।