লক্ষ্মীপুরে ৬১ স্টল নিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানমেলা

লক্ষ্মীপুরে ৬১ স্টল নিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানমেলা

প্রতিকি ছবি

লক্ষ্মীপুরে ৬১টি স্টল নিয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করেছে শিক্ষার্থীরা। শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস মাঠে এ আয়োজন করা হয়। সকালে উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের তৈরি উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন। 

মেলার স্টলগুলোতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে। এসময় তারা নিজেদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী যন্ত্রপাতি ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করে।

মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ফারুক হোসেন নুরনবী ও উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ। 

কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ তৈরি, সৃজনশীলতা বিকাশ এবং নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করতেই এ বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়েছে। এবার ৬১টি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছে। এ মেলায় প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।