গবিতে আন্তর্জাতিক মেডিকেল ফিজিক্স দিবস উদযাপন
সংগৃহীত
চিকিৎসাবিজ্ঞানের উন্নয়ন ও জটিল রোগের চিকিৎসায় মেডিকেল ফিজিক্সের গুরুত্ব তুলে ধরে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মেডিকেল ফিজিক্স দিবস-২০২৬। এ উপলক্ষে র্যালি, সেমিনার, আলোচনা সভা, কেক কাটা ও পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
রবিবার (৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের গেট থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি একাডেমিক ভবনে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কনফারেন্স রুমে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে কেক কাটারও আয়োজন করা হয়।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘Advancing Global Health Equity: The Ethical Foundation of Medical Physics’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. পলক ধর ও ডা. নুসরাত হক। তারা চিকিৎসাক্ষেত্রে মেডিকেল ফিজিক্সের গুরুত্ব তুলে ধরেন।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেন, “গণ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স বিভাগের ইতিহাস অনেক গৌরবময়। এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে-বিদেশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আমি প্রত্যাশা রাখি, গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এভাবেই দেশে-বিদেশে তাদের প্রভাব বজায় রাখবে।”
উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় বর্তমানে মেডিকেল সায়েন্স অনেক দূর এগিয়েছে। ক্যানসার রোগীর চিকিৎসা এবং ক্যানসার কোষ শনাক্তকরণ ও নিরাময়ের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে চিকিৎসকদের পাশাপাশি মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষ ভূমিকা রয়েছে। চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে এই দুটি বিষয় সরাসরি সম্পর্কিত। বিশেষ করে ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপি, মেডিকেল ইমেজিংসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহার মেডিকেল ফিজিক্সের সঙ্গে যুক্ত। তবে আমাদের দেশে এই ক্ষেত্রগুলোর সম্ভাবনা ও কার্যকর প্রয়োগ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। তাই চিকিৎসাবিজ্ঞানের উন্নয়নে মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব আরো বাড়ানো প্রয়োজন।”
সেমিনার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩০টি পোস্টার নিয়ে প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সেরা তিনজনকে পুরস্কৃত করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন পোস্টার ঘুরে দেখেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন