তুচ্ছ ঘটনায় কিশোরকে কিল-ঘুষিতে হত্যা

তুচ্ছ ঘটনায় কিশোরকে কিল-ঘুষিতে হত্যা

ফাইল ছবি

সিলেট নগরে মাছ ব্যবসায়ীদের হামলায় এক কিশোর নিহত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে নগরের লালদিঘীরপাড় এলাকায় অস্থায়ী হকার মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত কিশোর মো. জাহিদ খান (১৭) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দিঘরখান্দী এলাকার মো. দুদু মিয়ার ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলো- নগরের লামাপাড়া বাদশা মিয়ার কলোনীর বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে ফরহাদ ইসলাম (১৬) নগরের লামাপাড়া ঘাসিটুলার খায়রুল ইসলামের ছেলে মো. রাফি (২৮)।  

পুলিশ জানায়, মো. জাহিদ খান হকার মার্কেটের একটি চা দোকানের কর্মচারী ছিলো। ঘটনার সময় সে পার্শ্ববর্তী একটি দোকান থেকে পানি আনতে গিয়েছিল। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে ফরহাদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফরহাদ ও তার সহযোগী রাফি জাহিদের গলাচেপে ধরে কুলি-ঘুষি মারতে থাকে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহিদকে মৃত বলে ঘোষণা করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঐ কিশোর লালদিঘীরপাড় হকার মার্কেটের একটি চা দোকানের কর্মচারী ছিলো। এ ঘটনায় অভিযুক্ত ফরহাদ ও রাফি নামের দুইজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।