মানিকগঞ্জের সিংগাইরে জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা
সংগ্রহীত ছবি
জমিসংক্রান্ত বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইরে শারপিন মোল্লা (৬২) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
শারপিন মোল্লা একই গ্রামের মৃত সাইজ উদ্দিন মোল্লার ছেলে।
শারপিন মোল্লার ছেলে মোশারফ হোসেন জানান, আমাদের সঙ্গে সম্প্রতি জমির সীমানা নিয়ে প্রতিবেশী রাজ্জাক মুন্সির ছেলে ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি মো. রউফুল মুন্সি ও তার পরিবারের বিরোধ তৈরি হয়।
এ নিয়ে বাবা ও আমাকে মারধর-হত্যার হুমকি দেয় রউফুল মুন্সি ও তার ভাই নজরুল ইসলাম বাবু।
তিনি আরো জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার বাবা শারপিন মোল্লা স্থানীয় চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। ফোর্ডনগর দক্ষিণ মোল্লাপাড়া কুরবান আলীর বাড়ির সামনে পৌঁছলে তার উপ হামলা চালায় রউফুল মুন্সি ও তার ভাই নজরুল ইসলাম বাবুসহ তাদের সাঙ্গপাঙ্গরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় আমার বাবাকে উদ্ধার করে ঢাকার সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে. ও. এম. তৌফিক আজম স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১৫ আগস্ট মো. রউফুল মুন্সিকে ইউনিয়ন ছাত্রদল সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।