গাইবান্ধায় মাদক সেবনকালে যুবদল নেতা গ্রেফতার
প্রতিকি ছবি
গাইবান্ধা সদর উপজেলায় নেশাজাতীয় মাদকদ্রব্য সেবনকালে নোমান সরকার (৩৬) নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার নোমান সরকার গাইবান্ধা জেলা যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে শহরের পুরাতন জেলাখান এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় নেশাজাতীয় মাদকদ্রব্য সেবনকালে নোমান সরকারকে গ্রেফতার করা হয়।
নোমান সরকারের দলীয় পরিচয় নিশ্চিত করে গাইবান্ধা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন বলেন, সংগঠনের কোনো নেতা বা কর্মী যদি মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতার নোমান সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।