কক্সবাজারে অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার
প্রতিকি ছবি
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গাড়ি ও বিভিন্ন সরঞ্জামসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, চকরিয়া থানার আভিযানিক টিম ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কয়েকদিন ধরে একটি ডাকাত চক্রকে নজরদারিতে রাখে।
তারই ধারাবাহিকতায় বুধবার অভিযান চালানো হয়। অভিযানকালে ডাকাতির প্রস্তুতি নেওয়া একদল দুর্বৃত্তকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতাররা হলেন ইমতিয়াজুল কাদের রায়হান (২৮), নাছির উদ্দিন (৩৫), খুর্শিদা বেগম (৩৫) এবং ইসমত আরা (৩৮)।
পুলিশ তাদের কাছ থেকে একটি এক-নলা এলজি বন্দুক, একটি দু-নলা এলজি বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, একটি হাইয়েস গাড়ি, রেজিস্ট্রেশনবিহীন দুটি মোটরসাইকেল, দুটি গ্রিলও তালা কাটার মেশিন, একটি লোহার পোড়াবাড়ি, একটি হাতুড়ি, একটি রামদা এবং একটি কাঠের বাটযুক্ত চাকু উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনির হোছাইন বলেন, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।