টুঙ্গিপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মুনিয়া খানম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৬টায় উপজেলার কুশলী ইউনিয়নের চর-কুশলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুনিয়া খানম চর-কুশলী গ্রামের বাসিন্দা প্রবাসী আলামিন শেখের স্ত্রী ও পার্শ্ববর্তী বর্ণি ইউনিয়নের হেদায়েত শেখের মেয়ে। নিহত মুনিয়ার চার বছরের একটি ছেলেসন্তান রয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মুনিয়ার শাশুড়ি পানি আনতে বাইরে যান। তখন মুনিয়ার নাম ধরে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এরপর আশপাশের লোকজন এসে জানালা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, ‘এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে মুনিয়া এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’